বাংলাদেশে ড্রাইভিং টেস্টে উত্তীর্ণ হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিরাপদ সড়ক ব্যবস্থার বিষয়ে একটি বিস্তারিত পোস্ট শেয়ার করেছেন।
জাইমা রহমান জানান, লন্ডনে গাড়ি চালানোর পরীক্ষার অভিজ্ঞতা থেকে তিনি বাংলাদেশের সড়ক ব্যবস্থার সীমাবদ্ধতা ও বিআরটিএ'র সেবা প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, গাড়ি চালানোর বাস্তবতার জন্য লন্ডনের পরীক্ষা তাঁকে যথাযথভাবে প্রস্তুত করেছে, কিন্তু বাংলাদেশের পরীক্ষা তেমন কিছু করেনি।
ফেসবুক পোস্টে তিনি তরুণদের হতাশার কথা উল্লেখ করে বলেন, বর্তমান সড়ক ব্যবস্থায় নিয়ম মেনে চলার প্রত্যাশা করা হয়, যা সব সময় নিরাপদ নয়। তিনি পথচারীদের দুর্ভোগের কথাও তুলে ধরেন, যেখানে পর্যাপ্ত ক্রসিং ছাড়াই দ্রুতগতির সড়ক পার হতে হয়।
জাইমা রহমান যাত্রীদের ভোগান্তির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, যাত্রীদের হাতে কার্যত কিছুই থাকে না এবং তারা বাসের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
বিআরটিএ'র সেবাকে ডিজিটাল করার উদ্যোগকে তিনি গুরুত্বপূর্ণ অগ্রগতি বললেও, কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানান, অনলাইনে সেবা শুরু হলে যদি সমস্যার সমাধান অফিসে গিয়ে করতে হয়, তবে ডিজিটালাইজেশনের উদ্দেশ্য ব্যাহত হয়।
তিনি সড়ক নিরাপত্তা প্রসঙ্গে বলেন, এটি কেবল গাড়ি বা লাইসেন্সের বিষয় নয়, বরং এটি মানুষের অভিজ্ঞতার ওপর নির্ভর করে। তিনি ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেন এবং প্রশ্ন তোলেন, কেন সমস্যাগুলো এখনো সমাধান হয়নি।
জাইমা রহমান পোস্টের শেষে প্রশাসনিক প্রক্রিয়া সংস্কারের পাশাপাশি নীতি নির্ধারকদের ভাবনার মূলে পথচারী ও চালকদের বাস্তব অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে আহ্বান জানান।