৩১তম বিসিএস পুলিশ ব্যাচ অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. নাজিম উদ্দিন আল আজাদ।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টায় ৩১তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশন নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল ঘোষণা করে। নির্বাচনে ভোট প্রদান করেন ৩১তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তারা।
নির্বাচনের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ সরাসরি ভোটে নির্বাচিত হন। জিয়াউল হক বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, নাজিম উদ্দিন আল আজাদ ডিএমপির লালবাগ বিভাগের কোতয়ালী জোনের এডিসির দায়িত্বে রয়েছেন। নতুন কমিটি ব্যাচের পুলিশ কর্মকর্তাদের কল্যাণ ও পদোন্নতিসহ বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।