শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
ধর্ম

মানবপাচার নিয়ে রচনা লিখে পুরস্কার পেলেন ৩১ শিক্ষার্থী

মানবপাচার ও অভিবাসী চোরাচালান নিয়ে রচনা প্রতিযোগিতায় ৩১ শিক্ষার্থী পুরস্কৃত হয়েছেন।

মানবপাচার নিয়ে রচনা লিখে পুরস্কার পেলেন ৩১ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের নবম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান 'মানুষ বিক্রির জন্য নয়' শীর্ষক একটি বাক্য দিয়ে মানবপাচার ও অভিবাসী চোরাচালান সম্পর্কে রচনা লিখেছেন। সারা দেশে ৮৭০ জন শিক্ষার্থী এই বিষয়ে তাদের ভাবনা ও সমাধান নিয়ে রচনা জমা দিয়েছিলেন। এর মধ্যে ৩১ জনের রচনা পুরস্কার ও সনদ লাভ করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাহিত্যগবেষক অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন লেখক আফসান চৌধুরী, সাংবাদিক রাজীব নূর এবং কথাসাহিত্যিক কিযী তাহনিন।

এই রচনা প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে মানব পাচার ও অভিবাসী চোরাচালানের লক্ষণ চিহ্নিত করার সক্ষমতা তৈরি এবং নিরাপদ, নিয়মিত ও বৈধ অভিবাসনের গুরুত্ব তুলে ধরা। প্রতিযোগিতাটি 'অষ্টম শ্রেণি থেকে কলেজ পর্যায়' এবং 'বিশ্ববিদ্যালয় পর্যায়' এই দুই বিভাগে অনুষ্ঠিত হয়।

সিনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলয় বিশ্বাস এবং জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন খুরুশকুল হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী নাদ্রাতুন নাঈম তাকওয়া।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ড. সৈয়দ আজিজুল হক বলেন, “এ দেশে পাচারকারীরা সফল হয়, কারণ আমাদের আর্থিক দারিদ্র্যের চেয়ে শিক্ষার দারিদ্র্য অনেক বেশি।” তিনি বলেন, পাচার প্রতিরোধের দায়িত্ব সবার।

বিশেষ অতিথি আফসানা বেগম বলেন, সচেতনতার মাধ্যমে অনেক মানুষকে বিপদ থেকে রক্ষা করা যায়। ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান জানান, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধের লড়াই মূলত মানুষের মর্যাদাপূর্ণ ও নিরাপদ অভিবাসনের অধিকার নিশ্চিত করার লড়াই।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে মানব পাচারের ভয়াবহতা তুলে ধরেন। টেকনাফের দশম শ্রেণির ছাত্র আরফাত শাহীন জানান, টেকনাফে মানব পাচার ও অপহরণের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন