ভারতের দিল্লিতে প্রশ্নফাঁস কেলেঙ্কারির বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে বক্তব্য রেখেছেন বলিউড অভিনেতা সালমান খান।
তিনি বুধবার (২২ জুলাই) রাতে ইনস্টাগ্রামে নিজের ছাত্রজীবনের একটি সাদাকালো ছবি শেয়ার করে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করেন। সালমান বলেন, 'আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ ছিল, কিন্তু শেষপর্যন্ত সহিংস রূপ নিল, যা দুঃখজনক।' তিনি আহত শিক্ষার্থীদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন।
সালমান আরও বলেন, 'প্রশ্নপত্র ফাঁস শিক্ষাব্যবস্থার গুরুতর সমস্যা। তবে শিক্ষার্থীদের একজোট হয়ে আন্দোলন করা সত্যিই প্রশংসনীয়।' তিনি শিক্ষার্থীদের নিষ্ঠা ও আগ্রহের প্রশংসা করেন এবং বলেন, 'এই আন্দোলনই এগিয়ে যাওয়ার সঠিক পথ।'
এছাড়া, তিনি সতর্ক করে বলেন, 'এই আন্দোলনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়।' সালমান বিশ্বাস করেন, সরকার শিক্ষার্থীদের পূর্ণ সহায়তা করবে এবং শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
শিক্ষার্থীদের আন্দোলন জুলাইয়ের শুরু থেকেই চলছে, যার নেতৃত্ব দিচ্ছেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। গত সোমবার ককরোচ জনতা পার্টির 'সংসদ চলো' কর্মসূচির প্রেক্ষাপটে আন্দোলনটিতে নাটকীয় পরিবর্তন আসে। পুলিশ বিক্ষোভকারীদের দমনের জন্য লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।
বিক্ষোভে শিক্ষার্থীদের সমর্থনে অনেক বলিউড তারকা, যেমন শাবানা আজমি, অপর্ণা সেন ও অনুরাগ কাশ্যপও সোচ্চার হয়েছেন। এবার সালমানের বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।