জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি ঘোষণা করেছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জামালপুর আন্ত জেলা বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই সিদ্ধান্তের কথা জানান।
সংগঠনের নেতারা জানান, বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাসে হামলা ও ভাঙচুর চালানো হয়। হামলার সময় বাসের চালক ও সহযোগীদের মারধর করা হয় এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার পর শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ দেখা দেয়।
রাজীব পরিবহনের চালক মিলন আহমেদ বলেন, "নান্দিনা বাজারে আমাদের ওপর অন্যায়ভাবে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা গাড়ি চালাবো না।"
জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ জানান, হামলার পর পরিবহন শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, "শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকবে।"
তিনি আরও দাবি করেন, বাসে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।