ঢাকায় দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এবং ভিএফএস গ্লোবালের দক্ষিণ এশিয়ার চিফ অপারেটিং অফিসার ইউমি তালওয়ার যৌথভাবে উদ্বোধন করেন।
নতুন এ কেন্দ্রের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দক্ষিণ কোরিয়ার ভিসার আবেদন জমা দিতে পারবেন। ভিএফএস গ্লোবাল জানিয়েছে, এ কেন্দ্রের মাধ্যমে আবেদনকারীদের জন্য সহজ ও কার্যকর ভিসা আবেদন সেবা নিশ্চিত করা হবে।
উদ্বোধন উপলক্ষে ইউমি তালওয়ার বলেন, “দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র চালু করা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ভ্রমণকারীদের আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” তিনি জানান, আধুনিক ও কেন্দ্রীয়ভাবে অবস্থিত এ কেন্দ্রে আবেদনকারীদের জন্য সুবিধাজনক পরিবেশ থাকবে।
প্রশিক্ষিত গ্রাহকসেবা প্রতিনিধিরা আবেদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপে প্রয়োজনীয় সহায়তা করবেন। ভিএফএস গ্লোবাল ২০১১ সাল থেকে দক্ষিণ কোরিয়া সরকারের অংশীদার হিসেবে ভিসা প্রক্রিয়াকরণ সেবা দিয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি পাঁচটি দেশে সাতটি ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার ভিসা সেবা দিচ্ছে।
ভিএফএস গ্লোবালের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি বর্তমানে ৭১টি সরকারের অংশীদার হিসেবে ১৬৯টি দেশে ৪ হাজার ২০০টির বেশি আবেদন কেন্দ্র পরিচালনা করছে। ২০০১ সাল থেকে প্রতিষ্ঠানটি ৫৫ কোটি ৭০ লাখের বেশি আবেদন প্রক্রিয়াকরণ করেছে।
ঢাকায় দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্রটি বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ারের দ্বিতীয় তলায়, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩ ঠিকানায় অবস্থিত। কেন্দ্রটির অফিস সময় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ভিসা আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র, ফি, অ্যাপয়েন্টমেন্ট এবং অন্যান্য সেবার সর্বশেষ তথ্যের জন্য আবেদনকারীদের দক্ষিণ কোরিয়া দূতাবাস ও ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।