উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্রের সক্ষমতা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি বিভিন্ন সামরিক মিশনে এসব অস্ত্র মোতায়েনের ওপর গুরুত্বারোপ করেছেন।
বৃহস্পতিবার কিম জং উন উত্তর কোরিয়ার পারমাণবিক উপাদান উৎপাদন ও অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনকালে এই নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা কোনোভাবেই পরিবর্তন হবে না।
কিম জং উন হুঁশিয়ারি দিয়ে বলেন, "সংবিধানে স্বীকৃত পারমাণবিক রাষ্ট্রের মর্যাদা অস্বীকারের যেকোনো প্রচেষ্টাকে যুদ্ধের প্রকাশ্য ঘোষণা হিসেবে বিবেচনা করবে পিয়ংইয়ং।"
এদিকে, দক্ষিণ কোরিয়ার ৩ সেনা সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত হওয়ার ঘটনায় দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ কোরিয়া অভিযোগ করেছে যে, উত্তর কোরিয়া মাইন পুঁতে রেখেছে, তবে পিয়ংইয়ং এই অভিযোগ অস্বীকার করেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক গোয়েন্দাদের ধারণা, বর্তমানে উত্তর কোরিয়ার হাতে ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।