ইরান দেশজুড়ে দুইটি পারমাণবিক স্থাপনার মাঝামাঝি এলাকায় একটি বিশাল ভূগর্ভস্থ সামরিক কমপ্লেক্স নির্মাণ করছে। মার্কিন থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি ২৫ নভেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন স্যাটেলাইট ছবিতে নির্মাণকাজের অগ্রগতি এবং নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার চিত্র দেখা গেছে।
এই কমপ্লেক্সটি ইরানের ইসফাহান এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছের পিকঅ্যাক্স মাউন্টেনের মাঝে অবস্থিত, যার মধ্যবর্তী দূরত্ব প্রায় ৬২ কিলোমিটার। বিশ্লেষকরা ধারণা করছেন, এটি ক্ষেপণাস্ত্র কিংবা অন্যান্য বড় ধরনের অস্ত্রব্যবস্থার কাজে ব্যবহার করা হতে পারে।
ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী, স্থাপনাটির প্রকৃত উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় এবং আরও তথ্যের প্রয়োজন। তবে নির্মাণকাজের গতির কারণে বিশেষভাবে নজরে এসেছে এই কমপ্লেক্সটি।
সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, স্থাপনাটির বাইরের সীমানায় নিরাপত্তাবেষ্টনী নির্মাণের কাজ শুরু হয়েছে। নির্মাণকাজ শেষে পুরো স্থাপনাটির আয়তন প্রায় ১২ হাজার একর হতে পারে।
সেন্টিনেল-২ স্যাটেলাইটের ছবির বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে নির্মাণকাজের প্রথম লক্ষণ দেখা যায় এবং ২০২৬ সালের জানুয়ারিতে সেখানে আরও কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়।