হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে দুইটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী বুধবার (২৫ নভেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি নৌপথের একটি অননুমোদিত রুট দিয়ে চলাচলের চেষ্টা করছিল, এবং এ সময় সেগুলো নৌমাইনে আঘাত পায়। এর ফলে বিস্ফোরণের পাশাপাশি আগুন ধরে যায়।
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানান, হরমুজ প্রণালিতে নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদার করতে সামরিক বাহিনী নতুন কিছু ব্যবস্থা মোতায়েন করেছে। তিনি সতর্ক করে বলেন, ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় না করে প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশি ঝুঁকির মুখে পড়েছে।
ইরান জানায়, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু হবে না। এই দাবিগুলোর মধ্যে রয়েছে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং সব ফ্রন্টে যুদ্ধের অবসান।
এছাড়া, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো একটি প্রস্তাবে তেহরান জানায়, ওয়াশিংটন তাদের শর্ত পূরণ করলে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে।