মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে, জানুয়ারি পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অর্থায়ন রয়েছে।
একটি সাক্ষাৎকারে ট্রাম্প কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের সতর্ক করে বলেন, যদি তারা যুদ্ধ বন্ধের উদ্যোগ নেন, তবে আমেরিকার সম্ভাব্য বিজয় পরাজয়ে পরিণত হতে পারে।
তিনি আরও জানান, ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে তার প্রশাসন। তবে, সমালোচকরা সতর্ক করেছেন যে, এমন পদক্ষেপ ইরানের প্রতিরোধকে আরও জোরদার করতে পারে এবং মার্কিন কর্মকর্তাদের ওপর পাল্টা হামলার ঝুঁকি বাড়াতে পারে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী–আইআরজিসির প্রধান মেজর জেনারেল আহমাদ ভাহিদি হুঁশিয়ারি দিয়েছেন যে, ভবিষ্যতে ইরানের সঙ্গে যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে যেতে পারে। তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমা নেই।
এদিকে, হরমুজে মাইন বিস্ফোরণে ২টি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের দাবি, অনুমোদনহীন পথে চলাচলের সময় জাহাজ দুটি দুর্ঘটনার শিকার হয়।
একটি জনমত জরিপে দেখা গেছে, ৫৫ শতাংশ মার্কিন নাগরিক ইরানবিরোধী যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের এই জরিপে অংশগ্রহণকারীরা যুদ্ধ বন্ধের জন্য কিছু শর্ত মেনে নেওয়ার জন্যও প্রস্তুত রয়েছেন।