বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, ইরান রাসায়নিক অস্ত্র তৈরির কাজ করছে।

ইরান রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, ইরান রাসায়নিক অস্ত্র তৈরির কাজ করছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসরায়েলি সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

কাটজ বলেন, "ইরান রাসায়নিক অস্ত্র তৈরির প্রক্রিয়ায় রয়েছে। ইসরায়েল তাদের এই সক্ষমতা অর্জন করতে দেবে না।" তিনি তেহরানকে এ বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে রাসায়নিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে দেওয়া হবে না।

এর আগে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছিল, ইরান ওয়াশিংটনে তথাকথিত ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের মাধ্যমে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন এবং একে 'ইরাক যুদ্ধের সময়কার প্রচারণার মতো' বলে অভিহিত করেছেন।

কাটজ মঙ্গলবারের ব্রিফিংয়ে সামরিক হামলার সম্ভাবনাও উত্থাপন করেন। তিনি বলেন, "যদি আমরা বুঝতে পারি, ইরানিরা ইসরায়েলে হামলার পরিকল্পনা করছে, তাহলে কি আগেই সেনাবাহিনীকে হামলার নির্দেশ দিয়ে সেই হুমকি নস্যাৎ করা যায় না?"

এদিকে, গত মাসে ইসরায়েলে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাননি। নেতানিয়াহু তেহরানের হুমকিকে সামনে এনে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা বলছেন।

আইজেনকট সোমবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে বলেন, "ইরানের হুমকি ইসরায়েল রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুতর। তবে বর্তমানে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।"

বিজ্ঞাপন