ইরানের হুমকি চিরতরে দূর করতে ইসরায়েলের সামনে ‘ঐতিহাসিক ও একবারই আসা সুযোগ’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একযোগে কাজ করার কথা উল্লেখ করেন।
জেরুজালেমে নিজ দল লিকুদের নির্বাচনী সদর দফতরে বক্তব্য দেওয়ার সময় নেতানিয়াহু বলেন, ‘আমাদের বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মিলে ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক, একবারই আসা একটি সুযোগ ইসরায়েলের সামনে রয়েছে।’
তিনি অতীতের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, ইসরায়েল শত্রুদের মোকাবিলা করতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতেও তা করবে। নেতানিয়াহু এ সময় আরব দলগুলোর সঙ্গে সহযোগিতায় আগ্রহী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেন, যা তিনি ‘লজ্জাজনক’ হিসেবে অভিহিত করেন।
নেতানিয়াহু বলেন, ‘যেসব দল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের আক্রমণ করে, তাদের সঙ্গে থেকে কীভাবে ‘যারা দেশের সেবা করেন, তাদের অঙ্গীকার’ নিয়ে কথা বলা যায়?’
নিজের বিরুদ্ধে চলমান তদন্তের সমালোচনা করে তিনি বলেন, এসব তদন্ত ‘অপরাধমূলক রাজনৈতিক তদন্ত’। বক্তব্যের শেষে নেতানিয়াহু নির্বাচনী সদর দফতরে বাজতে থাকা গানের সঙ্গে যোগ দেন।