বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক: বিনিয়োগের নতুন দিগন্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকে বিনিয়োগ ও সহযোগিতার বিষয়ে আলোচনা।

প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক: বিনিয়োগের নতুন দিগন্ত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো। আজ বুধবার, জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান জেবিআইসি-এর প্রতি বাংলাদেশ সরকারের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণের উদ্যোগ নিয়েছে, যা দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, জেবিআইসি-এর অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ সময় তিনি বাংলাদেশে জেবিআইসি-এর একটি কার্যালয় খোলার অনুরোধ জানান।

জেবিআইসি-এর গভর্নর প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানান। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন