ইসরায়েলের তেলআবিবে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন আন্দোলনকারীরা। শনিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত এ বিক্ষোভে এক প্রতিবাদকারীকে মুখে জিপার লাগানো অবস্থায় দেখা যায়। প্রতিবাদকারীর বিশেষ পোশাকের সঙ্গে ইসরায়েলের জাতীয় পতাকা জড়ানো ছিল।
রোববার (২৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রতিবাদকারী নারীর প্রতীকী উপস্থিতি বিক্ষোভের সময় নজর কাড়ে। বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতীকী ব্যঙ্গাত্মক ছবিও প্রদর্শিত হয়।
এদিকে, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল যদি কোনো ভুল হিসাব করে, তবে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে অধিকৃত ভূখণ্ড বসবাসের অযোগ্য হয়ে যাবে।
আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন। তিনি লেখেন, ‘একটি ভুল হিসাবই যথেষ্ট। এক ঘণ্টারও কম সময়ে অধিকৃত ভূখণ্ড বসবাসের অযোগ্য হয়ে যাবে।’
আজিজির এ বক্তব্যকে ইসরায়েলের প্রতি সরাসরি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দেন। নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, ইরানের শাসনব্যবস্থার পতন ঘটানোই হুমকি চিরতরে দূর করার একমাত্র উপায়।
নেতানিয়াহু আরও জানান, এটাই সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা মোসাদ এবং নিরাপত্তা বাহিনীর প্রতি তার নির্দেশনা। ইরান-ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের এমন পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতিকে আরও আলোচনায় এনেছে।