বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনে ৪ লাখ ৯০ হাজার রুশ সেনার মৃত্যু: তথ্য ফাঁস

ইউক্রেনে যুদ্ধের ফলে ৪ লাখ ৯০ হাজার রুশ সেনা নিহত হওয়ার তথ্য ফাঁস হয়েছে।

ইউক্রেনে ৪ লাখ ৯০ হাজার রুশ সেনার মৃত্যু: তথ্য ফাঁস

ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া সামরিক অভিযান থেকে এ পর্যন্ত অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন রুশ সেনা নিহত হয়েছেন। এ তথ্য বিবিসির হাতে আসা রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে পাওয়া গেছে।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুর রেকর্ড বিশ্লেষণ করে এই তথ্য বের করা হয়েছে। বেলারুশের সাইবার পার্টিজানস বিওয়াই এবং ইউক্রেনের সাইলেন্ট ক্রো নামের দুটি গোষ্ঠীর সাইবার হামলায় এসব তথ্য ফাঁস হয়। রসস্ট্যাট হামলার বিষয়টি স্বীকার করলেও সংবেদনশীল তথ্য ফাঁসের বিষয়টি অস্বীকার করেছে।

রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনার সঙ্গে মিলে বিবিসি ফাঁস হওয়া তথ্যের সঙ্গে উন্মুক্ত সূত্রে সংগৃহীত রুশ সেনাদের মৃত্যুর তালিকা মিলিয়ে দেখে এবং এতে ৯০ শতাংশ তথ্যের মিল পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রাশিয়ায় ১৮ থেকে ২৪ বছর বয়সী মৃত পুরুষদের ৬৫ শতাংশের মৃত্যু ইউক্রেন যুদ্ধে হয়েছে।

বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধের প্রথম বছরে নিহত রুশ সেনাদের গড় বয়স ছিল ৩৪ বছর, যা ২০২৫ সালে বেড়ে ৪০ বছরে দাঁড়িয়েছে। রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার দরিদ্র অঞ্চলগুলোতে প্রাণহানির হার বেশি, যেখানে তুভা, বুরিয়াতিয়া ও জাবাইকালস্কি ক্রাই অঞ্চলের পুরুষদের যুদ্ধে নিহত হওয়ার আশঙ্কা মস্কো ও সেন্ট পিটার্সবার্গের বাসিন্দাদের তুলনায় ২০ থেকে ২৫ গুণ বেশি।

বিবিসির নিজস্ব তালিকায় এখন পর্যন্ত ২ লাখ ৯০ হাজার ১২ জন রুশ সেনার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে সামরিক বিশেষজ্ঞদের ধারণা, প্রকৃত প্রাণহানির সংখ্যা ৫ লাখ ২৭ হাজার থেকে ৬ লাখ ৪৪ হাজারের মধ্যে হতে পারে। এ ছাড়া রাশিয়ার পক্ষে যুদ্ধে অন্তত ৫ হাজার ১৭ জন বিদেশি নাগরিকও নিহত হয়েছেন।

স্যাটেলাইট চিত্র ও উত্তর কোরিয়ার স্মৃতিসৌধের ছবি বিশ্লেষণ করে ২ হাজার ৩০৪ জন নিহত উত্তর কোরীয় সেনাকে শনাক্ত করেছে সংবাদমাধ্যমটি।

বিজ্ঞাপন