ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘায়িত হওয়ার কারণে আমেরিকানদের মধ্যে যুদ্ধের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সাম্প্রতিক একটি জনমত জরিপে দেখা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা পূর্বের যেকোনো সময়ের চেয়ে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
রয়টার্স/ইপসোসের পরিচালিত এই জরিপে ৪ দিনের মধ্যে ৩১ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ সমর্থন করেছেন। গত মার্চের জরিপে এই হার ছিল ৩৭ শতাংশ, যা চলতি মাসের শুরুতে ৩৪ শতাংশেও দাঁড়িয়েছিল।
রিপাবলিকান পার্টির সমর্থকদের মধ্যে ইরান যুদ্ধের প্রতি সমর্থন কমে যাওয়ায় সার্বিকভাবে সমর্থনের হার হ্রাস পেয়েছে। বর্তমানে রিপাবলিকানদের প্রায় ৬৯ শতাংশ ইরান যুদ্ধ সমর্থন করেন, যা গত মার্চে ছিল ৭৭ শতাংশ।
এবছর ইরান যুদ্ধ ট্রাম্পের জনসমর্থনে নেতিবাচক প্রভাব ফেলছে। সম্প্রতি দুটি জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সার্বিক কাজের প্রতি সমর্থন মাত্র ৩৩ শতাংশ নাগরিকের, যা তার ক্ষমতার দুই মেয়াদ মিলিয়ে সর্বনিম্ন।