পাবনাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো পাবনা থেকে ঢাকার সরাসরি ট্রেন। ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে নতুন ট্রেনটির যাত্রার মধ্য দিয়ে প্রথমবারের মতো পাবনা শহর থেকে সরাসরি ট্রেনে ঢাকা যাওয়ার সুযোগ তৈরি হলো।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাবনা রেলস্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচলের আনুষ্ঠানিক সূচনা করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের পর সন্ধ্যা সাড়ে ৫টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
রেলমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, দেশব্যাপী রেল যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যাত্রীসেবার মান বৃদ্ধি এবং রেলপথ সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, পাবনাবাসীর জন্য এটি নিঃসন্দেহে একটি আনন্দঘন মুহূর্ত।
মন্ত্রী আরও জানান, অল্প সময়ে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর সুযোগ তৈরি হবে এবং এটি সরকারের অঙ্গীকারের বাস্তবায়ন। তিনি বলেন, দেশের রেলওয়ের মান, যাত্রীসেবা এবং রেলযাত্রার নিরাপত্তা আগামী দিনে আরও উন্নত ও নিশ্চিত করা হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর দুপুরে ঢাকা থেকে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ যাত্রা করবে। এরপর ২১ নভেম্বর থেকে এ রুটে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অন্যান্য স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পাবনা থেকে সরাসরি ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।