ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিনের পরের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন জানান, দুর্ঘটনার পর উদ্ধারকারী (রিলিফ) ট্রেন পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, "গফরগাঁও স্টেশনে ঢোকার আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দ শোনা যায় এবং এরপরই ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়।"
দুর্ঘটনার পর ঘটনাস্থলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। তবে, তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।