ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বিকল্প পথে হচ্ছে।
দুর্ঘটনার সময় ট্রেনটির ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন, কিন্তু বিকল্প পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ময়মনসিংহ রেল স্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন জানান, জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। রিলিফ ট্রেন এসে দ্রুত উদ্ধার কাজ শেষ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। বর্তমানে গৌরিপুর–কিশোরগঞ্জ–ভৈরব হয়ে ট্রেন যোগাযোগ চালু রয়েছে।
এদিকে, ময়মনসিংহে ট্রেন দুর্ঘটনায় যাত্রীদের ভোগান্তি নতুন নয়। কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনের উন্নতির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, ট্রেন লাইন উন্নত করার জন্য সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। নতুন প্রকল্প আসছে, যেখানে পুরাতন লাইন বদলে নতুন লাইন স্থাপন এবং স্টিলের স্লিপারের জায়গায় কংক্রিটের স্লিপার বসানো হবে।
ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে ১২ জোড়া ট্রেনে প্রতিদিন প্রায় আট হাজার যাত্রী চলাচল করে, যাদের প্রায়ই দুর্ঘটনায় ভোগান্তি পোহাতে হচ্ছে।