রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে সংগীতশিল্পী হাসানের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিল্পী হাসান কোনো বিচলিত না হয়ে তাঁর পারফরম্যান্স চালিয়ে যান।
ঘটনাটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রতিবাদের ঝড় ওঠে। সংগীতশিল্পীদের সংগঠন ‘বামবা’ সহ অনেক শিল্পী এই ঘটনার তীব্র নিন্দা জানান। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ‘হাসানকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের মতো জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাই। এটি পুরো ব্যান্ডসংগীত অঙ্গনের জন্য চরম অপমান।’
হাসান সামাজিকমাধ্যমে বলেন, ‘আমি কিছু মনে করিনি, হয়তো কেউ ভুল করে ফেলেছে!’ এ ছাড়া তিনি উল্লেখ করেন, ‘গানই আমাদের ভাষা। স্টেজই আমাদের ঘর। দর্শকই আমাদের শক্তি।’
ব্যান্ড শিল্পীদের পক্ষ থেকে এই ঘটনার জন্য দায়ীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানানো হয়েছে। সংগঠনটি আরও জানায়, ‘ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সেজন্য আয়োজকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের ভোকাল পলাশ নূর বলেন, ‘একজন কিংবদন্তি শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা শুধু লজ্জাজনক নয়, এটি একটি অপরাধ।’
হাসানের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় সংগীতশিল্পীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কনসার্টে হাসানের আর্ক ছাড়াও পারফর্ম করে শিরোনামহীন, আর্টসেল, এভয়েড রাফা, আর্বোভাইরাস ও কুড়েঘর।