বরিশাল সিভিল জেলা জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদিম নিখোঁজ রয়েছেন। তিনি মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক হিসেবে কর্মরত ছিলেন। তার নিখোঁজ হওয়ার বিষয়টি বুধবার বিকেলে নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।
ওসি জানান, মঙ্গলবার রাতে ফোনকল পাওয়ার পর তারা বরিশাল মেডিকেলসহ বিভিন্ন হাসপাতাল ও সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। বিচারকের ব্যবহৃত মোবাইল ফোনটি বিকেল ৫টার পর থেকে বন্ধ পাওয়া যায়। বুধবার সিসি ক্যামেরা পর্যালোচনা করে দেখা যায়, তিনি একটি রিকশায় করে নগরীর বাংলা বাজার এলাকার দিকে যাচ্ছেন।
এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্তের কাজ চলছে বলে জানিয়েছেন ওসি। তিনি বলেন, "আলাদা তদন্ত দল গঠন করা হয়েছে এবং মহানগর পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে কাজ করছে।"
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি আবুল কালাম আজাদ জানান, বিচারক শেখ ফারহান নাদিম বুধবার অফিসে আসেননি। তার খোঁজ নিয়ে জানা যায় তিনি নিখোঁজ রয়েছেন। আদালতের এপিপি অ্যাডভোকেট হাফিজ খান বাবলু একই তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার আদালত শেষ করে নামাজ আদায় করার পর বিচারক বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।