চলতি বছরের প্রথম দশ মাসে দেশে মানবাধিকার লঙ্ঘনের ৮৬টি ঘটনায় অন্তত ১১১ জন ব্যক্তি মামলা, গ্রেফতার ও শারীরিক নিপীড়নের শিকার হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে মতপ্রকাশের স্বাধীনতা, হামলা-মামলা, গ্রেফতারের প্রবণতা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সংগঠনটির বিশ্লেষণে বলা হয়, চলতি বছরের প্রথম দশ মাসে সারাদেশে ৮৬টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যার ফলে ১১১ জন ভুক্তভোগী হয়েছেন।
এইচআরএসএস জানায়, মতপ্রকাশের কারণে মামলা, গ্রেফতার, আটক, পিটুনিতে হত্যা এবং চাকরি থেকে বহিষ্কারের মতো ঘটনা অব্যাহত রয়েছে। বৈঠকে সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
সংগঠনটি উদ্বেগ প্রকাশ করে জানায়, সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নামে নাগরিকের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক পরিসর সংকুচিত না হওয়ার বিষয়টি নিশ্চিত করা উচিত।