জন্ম থেকেই চোখের জটিল সমস্যায় ভুগছিল তিন বছর বয়সী আবু বক্কর। শিশুটির চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেদন প্রকাশ পায়, যা প্রধানমন্ত্রীর নজরে আসে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শিশুটির সুচিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এই নির্দেশনার পর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শিশুটির চিকিৎসার প্রয়োজনীয় উদ্যোগ নেন।
প্রথমে আবু বক্করকে বগুড়ায় চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রাজধানী ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আবু বক্করের চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
অস্ত্রোপচারের পর বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার খোঁজখবর নেয়।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে এবং ডা. এম আর হাসানের সমন্বয়ে প্রতিনিধিদলটি শিশুটির শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে।
এ সময় প্রতিনিধিদলের সদস্যরা আবু বক্করের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করেন।