মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সরকারের আদেশে এনবিআর কর্মকর্তাদের শাস্তি বাতিল

সরকার এনবিআর কর্মকর্তাদের শাস্তি বাতিল করেছে, রাষ্ট্রপতির আদেশে মওকুফ হয়েছে দণ্ড।

সরকারের আদেশে এনবিআর কর্মকর্তাদের শাস্তি বাতিল

সরকার এনবিআর সংস্কার আন্দোলনের সময় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দণ্ডিত ২১ কর্মকর্তার শাস্তি বাতিল করেছে। রাষ্ট্রপতির আদেশে এই শাস্তি মওকুফ করা হয়। রোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

জাতীয় রাজস্ব বোর্ডের ওই কর্মকর্তারা দুই ভাগ ইস্যুতে আন্দোলন করতে গিয়ে শাস্তির মুখে পড়েছিলেন। অবশেষে তাদের শাস্তি বাতিল করা হলো। এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শাস্তি মওকুফের সিদ্ধান্ত জানানো হয়।

২০২৫ সালের ২৪ জুন রাজস্ব ভবনের প্রবেশপথে অবস্থান নিয়ে বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন অভিযুক্ত কর্মকর্তারা। সরকারের ভাষ্য অনুযায়ী, এই আচরণ ছিল ঔদ্ধত্যপূর্ণ এবং সরকারি আদেশ অবজ্ঞার শামিল। এর ফলে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় কারও বেতন কয়েক ধাপ, আবার কারও কয়েক বছরের জন্য অবনমিত করা হয়েছিল।

ভ্যাট নিরিক্ষা গোয়েন্দার অতিরিক্ত কর কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার জানান, দণ্ডাদেশের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে রাষ্ট্রপতির কাছে আপিল করেন কর্মকর্তারা। আবেদনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি আপিল মঞ্জুর করে দণ্ডাদেশ বাতিলের আদেশ দেন।

শাস্তি বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন উপকমিশনার, কমিশনার, অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, উপকর কমিশনার ও রাজস্ব কর্মকর্তারা। তারা জানান, এ আন্দোলন ছিল যৌক্তিক দাবিতে। মামলার দায় থেকে অব্যাহতি পাওয়া কর্মকর্তারা আশ্বাস দেন যে, দেশের রাজস্ব আদায়ে তারা আরও বেশি মনোযোগ দেবেন।

এর আগে গত ১৮ আগস্ট রাজস্ব সম্মেলনে এনবিআর কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন