রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দুর্নীতি ও বৈষম্যের অবসান ঘটাতে হবে।
৭ই নভেম্বর ‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাষ্ট্রপতির দেওয়া বাণীতে তিনি উল্লেখ করেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। জাতীয় স্বার্থ, সাম্য ও গণতন্ত্রের চর্চা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
রাষ্ট্রপতি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবে অংশগ্রহণকারী সকল বীর সেনানী ও দেশপ্রেমিক জনতার প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন, যা দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ।
তিনি আরো বলেন, সিপাহি ও জনতার ঐক্য স্বাধীনতার চেতনায় উজ্জীবিত এক অভূতপূর্ব জাগরণ ছিল। এসময় জনগণের অকুণ্ঠ সমর্থনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওপর রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব অর্পিত হয়।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে, এবং ফ্যাসিবাদী দুঃশাসন চেপে বসেছে। তবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।
তিনি বলেন, এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করা অপরিহার্য।