সম্প্রতি আদালত চত্বরে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে এক সংবাদকর্মীর অপ্রীতিকর ঘটনার পর সাদিয়া জাহান প্রভা নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি জানান, কিছুদিন আগে একটি স্কিনকেয়ার পণ্যের মেলায় গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন।
প্রভা বলেন, সেখানে সাক্ষাৎকার নেওয়ার সময় এক সংবাদকর্মীর আচরণে তিনি চরম অস্বস্তি বোধ করেন। ‘ওই লোকটি অনেকগুলো মাইক্রোফোন একসঙ্গে ধরেছিল। আমি যতই সরে আসছিলাম, উনি মাইক্রোফোনগুলো আমার কাছে নিয়ে আসছিলেন,’ উল্লেখ করেন প্রভা।
অভিনেত্রী জানান, পরিস্থিতি এতটাই অস্বস্তিকর হয়ে উঠেছিল যে, অনাকাঙ্ক্ষিত স্পর্শ এড়াতে তাকে নিজের মোবাইল ফোন সামনে ধরে রাখতে হয়েছিল। একপর্যায়ে সেখানে অন্য এক সাংবাদিক বিষয়টি বুঝতে পেরে এগিয়ে আসেন এবং ওই ব্যক্তিকে সরিয়ে দেন।
প্রভা বলেন, ‘আমি হেসে হেসে লোকটিকে বলেছিলাম, আপনি বুঝতে পারছেন না, আমি অস্বস্তি বোধ করছি?’ তিনি অভিযোগ করেন যে ওই সংবাদকর্মীর আচরণে অস্বস্তি বোধ করেছিলেন।
এছাড়া, প্রভা পরীমণির অভিযোগকে গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সাংবাদিক ভাইদের প্রতি আমার মিনতি, আপনারা ঢালাওভাবে আপনাদের সহকর্মী সাংবাদিককে সমর্থন করবেন না। কারণ আমরা এটা ফেস করি।’
পরী মণির মেজাজ হারানোর বিষয়টিও মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানান প্রভা। তিনি বলেন, ‘মেয়েটি মিডিয়া ব্যক্তিত্ব বলে সবসময়ই মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারবে, সেটাও সম্ভব না। কারণ সেও তো মানুষ।’
যদিও প্রভা পরী মণির অভিযোগ সত্য বলে নিশ্চিত কোনো মন্তব্য করেননি, বরং পুরো ঘটনা নিরপেক্ষভাবে তদন্তের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘পরী মণি যে অভিযোগ করেছে, তা সত্যি হতেও পারে। আপনারা যাচাই না করে ঢালাওভাবে উনাকে সমর্থন করবেন না। তদন্ত করুন।’
প্রসঙ্গত, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়।