দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয় সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মাসুদ রুমী। তিনি কালের কণ্ঠের ডেপুটি এডিটর এবং বাণিজ্য ও অর্থনীতি বিভাগের প্রধান। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কুমার বিশ্বজিত রায়।
সোমবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম আলী খাঁ হলে অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ নির্বাচিত প্রার্থীদের আনুষ্ঠানিক নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ও বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহিম, টিএমজিবির ট্র্যাস্টি বোর্ডের সদস্য এস এম আফসারুল ইসলামসহ সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।
টিএমজিবির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন টেকভিশন২৪ ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক গোলাম দাস্তগীর (তৌহিদ)। যুগ্ম সম্পাদক পদে ডিজিবাংলার বার্তা সম্পাদক বদরুদ্দোজা মাহমুদ তুহিন, কোষাধ্যক্ষ পদে আরটিভির সহকারী বার্তা সম্পাদক মাহদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক পদে টেকশহর ডটকমের রিপোর্টার রাশেদ ইমাম এবং প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক পদে সারাবাংলা ডটনেটের সিনিয়র করেসপন্ডেন্ট ফারহানা হক নীলা নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মাসুদ রুমী দায়িত্ব গ্রহণের পর বলেন, ‘একটি পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে টিএমজিবি আরও ঐক্যবদ্ধভাবে সদস্যদের পেশাগত উন্নয়ন, পেশাগত সুরক্ষা এবং আইসিটি ও টেলিকম খাতের সামগ্রিক বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।’ বিদায়ী সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন নতুন নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনের সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন কার্যনির্বাহী কমিটির সদস্যরা। টিএমজিবি তথ্য-প্রযুক্তি নির্ভর সাংবাদিকতার গুণগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে চলেছে।