বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) সাংবাদিক দিপু সিকদার-এর বিরুদ্ধে হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দিপু সিকদার সংগঠনটির সিনিয়র সদস্য এবং পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরির পর তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য সংগ্রহের সময় হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। দিপু সিকদার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছেন। তিনি মনে করেন, এই ঘটনার পেছনে একটি সিন্ডিকেট জড়িত রয়েছে।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এক যৌথ বিবৃতিতে বলেছেন, "অনুসন্ধানী সাংবাদিকতা জনস্বার্থ রক্ষা, অনিয়ম উদ্ঘাটন এবং জবাবদিহি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম।"
তারা আরও বলেন, "পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হুমকি, ভয়ভীতি বা হয়রানির শিকার হতে হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক।"
ক্র্যাব নেতৃবৃন্দ অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণের গুরুত্ব তুলে ধরেন এবং অভিযোগকারী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।