নিরাপদ সড়কের জন্য চালকদের আচরণ পরিবর্তন এবং ফিটনেসবিহীন গাড়ি সরানোর প্রয়োজনীয়তা নিয়ে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, "ড্রাইভার কোনো নিয়ম মানছে না, কোনো কিছুই কেয়ার করছে না।"
মন্ত্রী জানান, চলতি বছরের ৯ মাসে সড়ক দুর্ঘটনায় দিনে গড়ে প্রায় ১৬ জন নিহত হয়েছেন এবং গড়ে দুর্ঘটনা ঘটেছে প্রায় ১৭টি। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ছয় বছরে সড়ক দুর্ঘটনায় ৪০ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে।
এ পরিস্থিতিতে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নিরাপদ সড়ক দিবসের আয়োজন করা হয়েছে। শেখ রবিউল আলম বলেন, "সড়ক দুর্ঘটনা কমানোর দায়িত্ব শুধু সরকারের নয়; পরিবহন মালিক, চালক, যাত্রী ও পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নিতে হবে।"
মন্ত্রী যাত্রীদের দায়িত্বের কথাও তুলে ধরেন। তিনি বলেন, "অনেকে অনিরাপদ যানবাহন নিয়ে আপত্তি তোলেন, কিন্তু নিজেরা সেই যানবাহনে ওঠা বন্ধ করেন না।"
দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোর তথ্য সংরক্ষণের জন্য একটি ডেটাবেইস তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দুর্ঘটনার কারণ চিহ্নিত করে সড়কের নকশা পরিবর্তনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি।