নয়াদিল্লিতে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া দিলজিত দোসাঞ্জের কনসার্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কনসার্টকে কেন্দ্র করে দেড় থেকে দুই হাজার বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হবে।
প্রাথমিকভাবে আয়োজকদের নিরাপত্তা পরিকল্পনা অনুমোদন না দিলেও, সংশোধিত পরিকল্পনা পর্যালোচনা করে কর্তৃপক্ষ আয়োজনের অনুমতি দিয়েছে। কনসার্টটি জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ৫৫ হাজার দর্শক ধারণক্ষমতা রয়েছে।
দিল্লি পুলিশ জানায়, নিরাপত্তাকর্মীরা দর্শকদের সারি নিয়ন্ত্রণ, প্রবেশপথ চিহ্নিতকরণ, সহায়তা কেন্দ্রের কার্যক্রম এবং আশপাশের এলাকায় পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে কাজ করবেন।
এছাড়া, যানজট নিয়ন্ত্রণের জন্য স্টেডিয়ামের আশপাশে অতিরিক্ত পার্কিংয়ের ব্যবস্থা করতে বলা হয়েছে আয়োজকদের। গাড়ি ভাড়া দেওয়ার সেবা এবং নেভিগেশন প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয় করে যাত্রী ওঠানামার স্থান নির্ধারণের পরিকল্পনাও রয়েছে।
স্টেডিয়ামের চারপাশের ৫০০ থেকে ৭০০ মিটার এলাকায় সাধারণ যানবাহনের চলাচল সীমিত করা হতে পারে, তবে শিল্পী বহনকারী গাড়ি ও বিশেষ অনুমতিপ্রাপ্ত যানবাহন চলাচলের সুযোগ থাকবে।
পুলিশের অস্বীকৃতির পর আয়োজকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়, যা বুকমাইশো ‘সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক’ হিসেবে উল্লেখ করে। সংশোধিত নিরাপত্তা পরিকল্পনা জমা দেওয়ার পর কনসার্টের আয়োজনের অনুমতি মেলে।