মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কাজী ফরিদকে ফোনে প্রাণনাশের হুমকি, আরএফইডির তীব্র নিন্দা

কাজী ফরিদ আহমদকে ফোনে প্রাণনাশের হুমকি, আরএফইডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি।

কাজী ফরিদকে ফোনে প্রাণনাশের হুমকি, আরএফইডির তীব্র নিন্দা

বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কাজী ফরিদ আহমদকে অজ্ঞাতপরিচয় ব্যক্তি কর্তৃক মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। সংগঠনটি ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেছে।

১৪ সেপ্টেম্বর, সোমবার, আরএফইডির দফতর সম্পাদক নাজনীন লাকির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজী ফরিদ আহমদকে কর্মস্থলে উপস্থিত হলে বড় ধরনের ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন।

আত্মরক্ষার্থে কাজী ফরিদ আহমদ রাজধানীর বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি সূত্রে জানা গেছে, ৮ সেপ্টেম্বর রাত ১১টা ১৯ মিনিটে তাকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করা হয়, যেখানে তার অফিসে যেতে নিষেধ করা হয় এবং নির্দেশ না মানলে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয়।

আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা এক যৌথ বিবৃতিতে কাজী ফরিদ আহমদকে হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, "নির্বাচন ও গণতন্ত্র নিয়ে কাজ করা একটি পেশাদার সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতাকে এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়া অত্যন্ত অশনিসংকেত।"

বিবৃতিতে আরও বলা হয়, "ভয়ভীতি প্রদর্শন ও হেনস্তার মাধ্যমে কখনো সাংবাদিকদের সত্য প্রকাশের কণ্ঠরোধ করা সম্ভব নয়।" নেতারা অবিলম্বে উন্নত প্রযুক্তির সহায়তায় হুমকিদাতাকে শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা কাজী ফরিদ আহমদ ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন