রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) বঙ্গভবনে বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, দেশের বেকারত্ব সমস্যা সমাধানে উচ্চশিক্ষা, কারিগরি ও প্রকৌশল শিক্ষায় গুরুত্ব দেওয়া অপরিহার্য। তিনি এআই ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির অগ্রাধিকারের ওপর জোর দিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর কথা বলেন।
তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান সুদৃঢ় করার জন্য মানোন্নয়ন, গবেষণা এবং উদ্ভাবনী কার্যক্রম জোরদার করার আহ্বান জানান রাষ্ট্রপতি।
প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটির আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের আশ্বাস দেন।
দলটি রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে অর্জিত অগ্রগতির তথ্য জানায়। তারা জানান, বিশ্ববিদ্যালয়টি জেসাপ আন্তর্জাতিক কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ রাউন্ডে ২০২৬ সালসহ চারবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
এছাড়া, প্রতিনিধিদল জানায়, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য ১০০ কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করা হয়েছে। এই অর্থ মেধার বিকাশ ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ব্যয় করা হয়।
প্রতিনিধিদলে ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শাফায়েত মোহাম্মদ রাজু, উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার এবং সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী।