সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সরাসরি সাক্ষাৎ শিক্ষার্থীদের বঙ্গভবনে

মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রথম সরাসরি সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সরাসরি সাক্ষাৎ শিক্ষার্থীদের বঙ্গভবনে

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রথমবারের মতো রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ নেতৃত্ব। তিনি বলেন, শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে এবং তাদের মধ্যেই নতুন বাংলাদেশ ও নতুন স্বপ্ন দেখতে পাওয়া যায়।

রাষ্ট্রপতি শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে বলেন, বাবা-মা, শিক্ষক ও মুরুব্বিদের সবসময় সম্মান করতে হবে। তিনি বলেন, নিজেদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে বাবা-মায়ের স্বপ্ন পূরণ হবে এবং জাতির প্রত্যাশাও পূরণ হবে।

তিনি আরও বলেন, বঙ্গভবন শুধু একটি ভবন নয়, এটি রাষ্ট্রের প্রতীক এবং ইতিহাসের সাক্ষী। ভবিষ্যতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনে নিয়ে আসা হবে।

সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা ২০২৬’-এর আওতায় এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে ৭ম থেকে ৯ম শ্রেণির বাছাই করা সেরা শিক্ষার্থী এবং শিক্ষকরা এই পরিদর্শনে অংশ নেন।

শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার পর রাষ্ট্রপতির সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

বিজ্ঞাপন