চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা অবশেষে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন। সোমবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
৩৬ দিন ক্লাস বর্জন করার পর আগামী ২৮ অক্টোবর থেকে একাডেমিক কার্যক্রম চালু হবে। তবে আন্দোলনকারীরা জানান, আগের উপাচার্য পুনর্বহাল এবং নতুন উপাচার্যকে প্রত্যাহার করার দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।
নতুন উপাচার্য ক্যাম্পাসে ঢুকলে ফের শাটডাউন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার এক খোলা চিঠিতে শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান জানান শিক্ষার্থীরা।
শিক্ষক সমিতির সাধারণ সভা থেকে শিক্ষার্থীদের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে ক্লাসে ফেরার প্রস্তুতির কথা বলা হয়। রাতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের যৌথ বিবৃতিতে একাডেমিক কার্যক্রম শুরু করতে সহযোগিতার কথা জানানো হয়।
এদিকে, ২৮ অক্টোবর ক্যাম্পাস খোলার দিন ইউজিসি গঠিত পরামর্শক দল বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের সাথে মতবিনিময় করতে ক্যাম্পাসে যাবে।
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ শরীফুল আলমের নিয়োগের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেন।
এই আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগের ৩৪টি পরীক্ষা স্থগিত হয়েছে। গত ১২ অক্টোবর নতুন উপাচার্য শেখ শরীফুল আলম ৩০ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন উপাচার্য ভবনে প্রবেশ করার পর।