সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

৮ এপিবিএন-এর অভিযানে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন 'ইসলামী মাহাজ'-এর প্রধান আটক

৮ এপিবিএন কক্সবাজারে 'ইসলামী মাহাজ'-এর প্রধান মো. রফিককে গ্রেফতার করেছে।

৮ এপিবিএন-এর অভিযানে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন 'ইসলামী মাহাজ'-এর প্রধান আটক

কক্সবাজারের উখিয়া থানাধীন এফডিএমএন ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন) বিশেষ অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন 'ইসলামী মাহাজ'-এর প্রধান মো. রফিককে (৪০) গ্রেফতার করেছে। শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-৯ এর ব্লক-সি/৫ এলাকায় রফিক তার দলীয় সদস্যদের নিয়ে একটি গোপন বৈঠকে মিলিত ছিলেন। পুলিশ অভিযানে গেলে মো. রফিক পালানোর চেষ্টা করেন, কিন্তু তাকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিক স্বীকার করেন যে, তিনি 'ইসলামী মাহাজ'-এর প্রধান এবং তার নেতৃত্বাধীন দলে বাংলাদেশে ৩০০ জন এবং মিয়ানমারে ৪০০ জন সশস্ত্র সদস্য রয়েছে। তিনি জানান, তার দলের সদস্যদের হেফাজতে ৯০টি আগ্নেয়াস্ত্র রয়েছে।

পুলিশ জানায়, মো. রফিক একজন দুর্ধর্ষ সশস্ত্র সন্ত্রাসী। তিনি ও তার সহযোগীরা ক্যাম্পের অভ্যন্তরে অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয়, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং গুমসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এসব কার্যক্রমের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে তারা ক্যাম্পের স্থিতিশীলতা বিনষ্ট করার পরিকল্পনা করছিল।

মো. রফিককে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে উখিয়া থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ৮ এপিবিএন-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, ক্যাম্প এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রফিকের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

তিনি বলেন, ক্যাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শান্তি রক্ষায় আমাদের জিরো টলারেন্স নীতি ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন