গণমাধ্যমকর্মীদের নিয়ে অবমাননাকর বক্তব্য প্রদান ও তাদের পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে আলোচিত ইসলামী বক্তা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
গত ২৫ অক্টোবর, গণমাধ্যমকর্মী আজহারুল ইসলাম সুজনের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, ড. আব্বাসীকে আগামী ৭ দিনের মধ্যে তার বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
নোটিশে উল্লেখ করা হয়, অন্যথায় সাংবাদিকদের প্রতি অবমাননাকর বক্তব্য ও শারীরিক হামলার হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ১৯ অক্টোবর চাঁদপুর জেলার মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসায় বক্তব্য দেওয়ার সময় ড. আব্বাসী সাংবাদিকদের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "বাংলাদেশের সাংবাদিকগুলো সবচেয়ে খারাপ। এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার।"
তিনি আরও দাবি করেন, সাংবাদিকরা ইতিবাচক সংবাদ প্রচার না করে মাদক সিন্ডিকেটের বিষয় নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার করেছে।
আইনি নোটিশে বলা হয়েছে, ড. আব্বাসীর এমন বক্তব্য সাংবাদিকদের ওপর হামলার হুমকি সৃষ্টি করেছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য বিপজ্জনক। এই ধরনের অভিযোগ সাংবাদিকতার পেশা ও পেশাদার সাংবাদিকদের নিরাপত্তার জন্য চরম হুমকি।