বাংলাদেশে প্যাডেল রিকশা নিষিদ্ধ করা, নিরাপদ ব্যাটারিচালিত রিকশার অনুমোদন এবং প্রাইভেট কারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই নোটিশটি পাঠান।
নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএ চেয়ারম্যান এবং এনবিআর চেয়ারম্যান বরাবর প্রেরিত হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, দেশের ১ শতাংশেরও কম মানুষ প্রাইভেট কার ব্যবহার করে, অথচ এসব গাড়ি সড়কের একটি বড় অংশ দখল করে রাখছে।
নোটিশে বলা হয়েছে, ব্যক্তিগত গাড়িগুলো আমদানিকৃত জ্বালানি পোড়াচ্ছে, যা রাষ্ট্রের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং জ্বালানি ভর্তুকির ওপর চাপ সৃষ্টি করছে। এসব গাড়ি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
দেশের ৯৯ শতাংশ মানুষ গণপরিবহন ও রিকশার ওপর নির্ভরশীল। অর্থনৈতিক সংকটের কারণে অনেকেই প্যাডেল রিকশা চালাতে বাধ্য হচ্ছেন, যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নোটিশে উল্লেখ করা হয়েছে, এটি দারিদ্র্যের শৃঙ্খলে আবদ্ধ এক ধরনের আধুনিক দাসত্ব।
এছাড়া, ব্যাটারিচালিত রিকশার অনুমোদনের দাবি জানিয়ে বলা হয়েছে, এটি স্থানীয় পরিবহনের একটি মানবিক আধুনিক রূপ। নিরাপদ ব্যাটারিচালিত রিকশার জন্য একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি করা হয়েছে।
অ্যাডভোকেট মাহমুদুল হাসান মামুন বলেন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা প্রত্যেক নাগরিকের পবিত্র দায়িত্ব। সরকারকে প্রাইভেট কারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে এবং বেকারত্ব দূর করতে রাইড শেয়ারিং ও মিটারভিত্তিক গাড়ি সেবাকে উৎসাহিত করতে হবে।
নোটিশে আগামী ১০ দিনের মধ্যে প্যাডেল রিকশা নিষিদ্ধ করা এবং নিরাপদ ব্যাটারিচালিত রিকশার নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে বলে জানানো হয়েছে।