রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জাতীয়করণকৃত শিক্ষকরা জ্যেষ্ঠতা দাবি করতে পারবে না: আপিল বিভাগের রায়

জাতীয়করণকৃত শিক্ষকদের জ্যেষ্ঠতা দাবি করার আইনি ভিত্তি নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ।

জাতীয়করণকৃত শিক্ষকরা জ্যেষ্ঠতা দাবি করতে পারবে না: আপিল বিভাগের রায়

জাতীয়করণকৃত শিক্ষকদের 'কার্যকর চাকরি কাল' প্রয়োগ করে সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ওপর জ্যেষ্ঠতা দাবি করার কোনো আইনি ভিত্তি নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। রোববার (২৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।

গত ২ জুলাই প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ সরকারের দায়ের করা সিভিল আপিল মঞ্জুর করে এই রায় দেন। আদালত উল্লেখ করেন, ২০১৩ সালের জাতীয়করণকৃত শিক্ষক বিধিমালা অনুযায়ী, শিক্ষকদের পূর্বের অর্জিত ৫০ শতাংশ 'কার্যকর চাকরি কাল' গণনা কেবল জাতীয়করণকৃত শিক্ষকদের নিজেদের মধ্যে জ্যেষ্ঠতা নির্ধারণে ব্যবহৃত হবে।

আদালত আরও স্পষ্ট করে বলেন, সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জ্যেষ্ঠতা তাদের প্রাথমিক নিয়োগের তারিখ থেকে সংরক্ষিত থাকে। জাতীয়করণকৃত শিক্ষকদের অবস্থান নির্ধারিত হবে জাতীয়করণের অব্যবহিত পূর্বে নিয়োগপ্রাপ্ত সর্বশেষ সরাসরি শিক্ষকের নিচে, যা বৈষম্যমূলক নয়।

জাতীয়করণকৃত শিক্ষকদের একটি অংশ হাইকোর্টে রিট দায়ের করে সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিচে না রাখার দাবি জানায়। ২০১১ সালে বিচারপতি ফারাহ্ মাহবুবের হাইকোর্ট বেঞ্চ ২০১৩ বিধিমালার ২(গ) বিধিকে বৈধ ঘোষণা করলেও ৯(১) বিধির একটি অংশ বেআইনি ঘোষণা করেন।

রিট আবেদনকারীকে প্রধান শিক্ষক পদে গণ্য করার নির্দেশ দেওয়ার পর সরকার সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আপিল দায়ের করে। আপিল বিভাগ জাতীয়করণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণের বিধিমালার বৈধতা বজায় রাখে।

প্রধান শিক্ষক পদ দাবি করার বিষয়ে আপিল বিভাগ মন্তব্য করে, রিট আবেদনকারীরা ২০১৩ সালের ১০ নভেম্বরের অফিস আদেশের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ করেননি। ২০০৮ সালের ১৪ জুলাইয়ের পরিপত্র অনুযায়ী, প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতির জন্য প্রয়োজনীয় শর্তাবলী পূরণের কোনো দাফতরিক প্রমাণ তারা উপস্থাপন করতে পারেননি।

বিজ্ঞাপন