মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আইজিপির ক্রসফায়ার বক্তব্যে টিআইবির উদ্বেগ ও অপসারণের দাবি

আইজিপির ক্রসফায়ার বক্তব্যে টিআইবির উদ্বেগ ও অপসারণের দাবি।

আইজিপির ক্রসফায়ার বক্তব্যে টিআইবির উদ্বেগ ও অপসারণের দাবি

আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ‘ক্রসফায়ার’ করার বক্তব্যের জন্য মহাপরিদর্শক (আইজিপি) এর বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, এই বক্তব্য বিচারবহির্ভূত হত্যাকে অপরাধ দমনের গ্রহণযোগ্য হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠার বিপজ্জনক বার্তা দেয়।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আইজিপির এই বক্তব্য আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতার প্রমাণ। তিনি প্রশ্ন তোলেন, সরকারের অনুমতির শর্তে বিচারবহির্ভূত হত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা কি আইনসম্মত অপরাধ দমনে ব্যর্থতার স্বীকারোক্তি নয়?

সংস্থাটি আইজিপির বক্তব্যের আনুষ্ঠানিক ব্যাখ্যা গ্রহণ, প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়াসহ বক্তব্য প্রত্যাহার এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। তারা আইজিপিকে দায়িত্ব থেকে অপসারণেরও দাবি করেছে যতক্ষণ না পর্যন্ত জবাবদিহি নিশ্চিত করা হয়।

ইফতেখারুজ্জামান আরো বলেন, বিচারপ্রক্রিয়া পাশ কাটিয়ে কাউকে হত্যার এখতিয়ার পুলিশের নেই। তিনি সতর্ক করেন যে, আইজিপির ‘বেপরোয়া ও অপরিণামদর্শী’ বক্তব্য মাঠপর্যায়ে বেআইনি বলপ্রয়োগের প্রচ্ছন্ন ছাড়পত্র হিসেবে প্রতীয়মান হতে পারে।

টিআইবি স্পষ্ট করে জানায়, পুলিশের বলপ্রয়োগ অবশ্যই আইনসম্মত, প্রয়োজনীয় এবং আনুপাতিক হতে হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আগ্নেয়াস্ত্রের ইচ্ছাকৃত প্রাণঘাতী ব্যবহার কেবল জীবন রক্ষায় কঠোরভাবে অনিবার্য পরিস্থিতিতেই গ্রহণযোগ্য।

এদিকে, সাংবাদিকদের বিরুদ্ধে অর্থ না পেয়ে পুলিশের সমালোচনা করার অভিযোগের প্রসঙ্গটিও উল্লেখ করেছে টিআইবি। তারা বলেছে, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন