সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

অ্যানথ্রপিকের নতুন নীতিমালা: খারাপ আচরণে ক্লড অ্যাকাউন্ট বন্ধ

অ্যানথ্রপিক ঘোষণা করেছে, খারাপ আচরণের জন্য ক্লড ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করা হবে।

অ্যানথ্রপিকের নতুন নীতিমালা: খারাপ আচরণে ক্লড অ্যাকাউন্ট বন্ধ

এআই চ্যাটবট ক্লডের সঙ্গে খারাপ বা অপমানজনক আচরণের জন্য ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অ্যানথ্রপিক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রতিষ্ঠানটি তাদের ব্যবহারের নীতিমালায় পরিবর্তন এনে এই তথ্য জানায়।

অ্যানথ্রপিক জানায়, চরম পরিস্থিতিতে এবং বারবার অপমানজনক আচরণ করা হলে এই নিয়ম কার্যকর হবে। তবে সাধারণ বিরক্তি প্রকাশ, এআইয়ের উত্তরের সঙ্গে দ্বিমত, সৃজনশীল কাজে বিতর্কিত বিষয় ব্যবহার কিংবা গবেষণার উদ্দেশ্যে এআই পরীক্ষা করার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

নতুন নিয়মের আওতায়, প্রতারণামূলক প্রচারণা চালানো, ভোটারদের বিভ্রান্ত করা এবং নির্বাচনে ব্যাঘাত ঘটানোর কাজে ক্লডের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। অস্ত্র তৈরির কাজে ক্লডের ব্যবহার আগের নীতিমালাতেই নিষিদ্ধ ছিল।

কিন্তু, কোন আচরণকে ‘খারাপ’ বা ‘অপমানজনক’ হিসেবে বিবেচনা করা হবে, তা স্পষ্ট করেনি অ্যানথ্রপিক। নতুন নিয়ম প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

আইন প্রতিষ্ঠান উইলিয়াম ফ্রাইয়ের প্রযুক্তিবিষয়ক অংশীদার ব্যারি স্ক্যানেল বলেন, সংখ্যা ও গণিতের প্রতি নিষ্ঠুর হওয়া যায় না। তার মতে, এআইকে মানুষের মতো বিবেচনা করার প্রবণতা ক্ষতিকর।

মাইক্রোসফটের এআই পরিচালক মুস্তাফা সুলেইমানও অ্যানথ্রপিকের এই উদ্যোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি গত সেপ্টেম্বরে এআইকে মানুষের মতো বিবেচনা করার প্রবণতার সমালোচনা করেছিলেন।

এদিকে, এআইকে ‘দয়া করে’ বা ‘ধন্যবাদ’ বলার প্রয়োজন আছে কি না, তা নিয়েও বিতর্ক রয়েছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন, এসব শব্দ ব্যবহার অপ্রয়োজনীয় এবং এতে টোকেনের অপচয় হয়। অন্যদের মতে, ভদ্রভাবে কথা বললে আরও ভালো উত্তর পাওয়া যেতে পারে।

গত বছর এক্সে এক ব্যবহারকারী চ্যাটজিপিটিকে ‘দয়া করে’ ও ‘ধন্যবাদ’ বলার কারণে বিদ্যুতের খরচ জানতে চান। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানান, ‘দশ মিলিয়ন ডলার খরচ হলেও তা ভালোভাবে ব্যয় হয়েছে।’ কিছু বিশেষজ্ঞের আশঙ্কা, এআই চ্যাটবটের সঙ্গে অভদ্র আচরণের অভ্যাস মানুষের পারস্পরিক যোগাযোগেও প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন