মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

মেটার নতুন ‘এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম’ এআই প্রযুক্তিতে ব্যবসায় রূপান্তর

মেটা ঘোষণা করেছে নতুন ‘এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম’ চালুর, যা এআই প্রযুক্তিতে ব্যবসায় রূপান্তর করবে।

মেটার নতুন ‘এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম’ এআই প্রযুক্তিতে ব্যবসায় রূপান্তর

প্রযুক্তি জায়ান্ট মেটা আজ ‘মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম’ চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে, যা করপোরেট ব্যবসা ও ডেভেলপারদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সুপারইন্টেলিজেন্সভিত্তিক সক্ষমতা প্রদান করবে।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক ঘোষণায় জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবসাপ্রতিষ্ঠানকে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে রূপান্তর ও প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করা।

জাকারবার্গ বলেন, “আমাদের দীর্ঘদিনের সুদৃঢ় এআই মডেল, নেতৃস্থানীয় এআই এজেন্ট, শক্তিশালী ক্লাউড অবকাঠামো এবং ব্যবসায়িক অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই প্ল্যাটফর্ম সাজানো হয়েছে।”

প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব পূর্ণাঙ্গ টেকনোলজি স্ট্যাক উন্মুক্ত করছে। এর মধ্যে রয়েছে ‘মিউজ এজেন্ট’, ‘মেটা বিজনেস এজেন্ট’, ডেভেলপারদের জন্য ‘মিউজ এপিআই’ এবং সফটওয়্যার তৈরির সহায়ক ‘মিউজ কোড’।”

মেটার নতুন উদ্যোগকে সামনে এগিয়ে নিতে ‘চিফ এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম অফিসার’ হিসেবে মেটায় যোগ দিচ্ছেন প্রযুক্তি খাতের প্রখ্যাত নির্বাহী চিরন্তন ‘সিজে’ দেশাই। তিনি সরাসরি প্রধান নির্বাহীর অধীনে কাজ করবেন।

সিজে দেশাই বৈশ্বিক প্রযুক্তি ও এন্টারপ্রাইজ সফটওয়্যার খাতে অত্যন্ত অভিজ্ঞ একজন নেতা। মেটায় যোগ দেওয়ার আগে তিনি ডাটাবেজ কোম্পানি মঙ্গোডিবি-র সিইও ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জাকারবার্গ আশা প্রকাশ করেছেন যে, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, কৃত্রিম বুদ্ধিমত্তা, এন্টারপ্রাইজ অ্যাপস এবং সাইবার নিরাপত্তার ক্ষেত্রে দেশাইয়ের বিস্তৃত অভিজ্ঞতা মেটার এই নতুন যাত্রাকে দ্রুত সফল করবে।

বিজ্ঞাপন