আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ও কোচিং বিষয়ক বিভিন্ন দেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে এআইফোরবিটি গ্লোবাল সামিটের দ্বিতীয় দিনের আলোচনা।
এই আলোচনায় এআইয়ের চরম উৎকর্ষের সময়ে এন্টারপ্রাইজগুলোর প্রস্তুতি, কোচদের ভূমিকা এবং ইআরপির ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করা হয়। সামিটের দ্বিতীয় দিনে টেক কী নোট উপস্থাপন করেন বিজনেস এআই ট্রান্সফরমেশন আর্কিটেক্ট সাদিক এম আলম এবং নিয়াজ শাহরিয়ার শিশির।
বক্তারা স্বয়ংক্রিয় এআই এজেন্ট, মাল্টি এজেন্ট ওয়ার্কফ্লো এবং অনমনীয় ইআরপি ব্যবস্থাকে সক্রিয় ও অভিযোজনমুখী এন্টারপ্রাইজ এক্সিকিউশন ইঞ্জিনে রূপান্তরের বাস্তবতা তুলে ধরেন। এর পর অর্থ ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দেন প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুব হাসান।
তিনি এআইকে কীভাবে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক আর্থিক ব্যবস্থাপনায় কাজে লাগানো যায়, সে বিষয়ে আলোচনা করেন। সামিটের সিকিউরিটি কী নোটে ডেটা গভর্ন্যান্স ও সাইবার সিকিউরিটি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ ফাইন্যান্সের ইভিপি ফয়সাল হোসেন।
তিনি এআই নেটিভ এন্টারপ্রাইজগুলোতে আস্থা, নিরাপত্তা ও জবাবদিহি প্রতিষ্ঠা এবং সাইবার স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় দিনে গোলটেবিল আলোচনা হয়, যেখানে বক্তারা কোচদের ভূমিকা এবং অটোমেশনকেন্দ্রিক ভীতি নিরসন নিয়ে অভিমত তুলে ধরেন।
গোলটেবিলে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন জয়া বার্লিন, কামরুল হাসান, শবনম মোস্তারী, এ বি এম ইউসুফ আলি খান, আফিয়া পারভীন ও মামুন মোর্শেদ। গোলটেবিলের পর স্যাপ বিশেষজ্ঞ দেবরাজ ভট্টাচার্য এআইয়ের সহায়তায় স্যাপ ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করেন।
তিনি এআই কীভাবে স্যাপ ইকোসিস্টেমকে পুনঃসংজ্ঞায়িত করছে, সেটি তুলে ধরেন। পরে লাইভ ওয়ার্কশপে অংশ নেন ব্রেইন স্টেশন ২৩-এর সিইও রাইসুল কবির, যিনি এজেন্টিক ইআরপি ইউজ কেইসের বিভিন্ন দিক তুলে ধরেন। সামিটের দ্বিতীয় দিনের সমাপ্তি ঘোষণা করেন সাদিক এম আলম ও মাহমুদুল হাসান।