শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

হুয়াওয়ের নতুন অ্যাটলাস 960ই সুপারপডের উন্মোচন

হুয়াওয়ে নতুন অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করেছে, যা এআই প্রযুক্তির চাহিদা মেটাতে সক্ষম।

হুয়াওয়ের নতুন অ্যাটলাস 960ই সুপারপডের উন্মোচন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা মেটাতে নতুন কম্পিউটিং সল্যুশন ‘অ্যাটলাস ৯৬০ই সুপারপড’ উন্মোচন করেছে হুয়াওয়ে। চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘হুয়াওয়ে কানেক্ট ২০২৬’ সম্মেলনে প্রতিষ্ঠানটির ডেপুটি চেয়ারম্যান ডেভিড ওয়াং এ সল্যুশনের ঘোষণা দেন।

‘অ্যাডভান্সিং দ্য এজেন্টিক ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শিল্প প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, গ্রাহক ও অংশীদাররা অংশ নেন। অনুষ্ঠানে এআই, ডিজিটাল সংযোগ এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

হুয়াওয়ে জানিয়েছে, অ্যাটলাস ৯৬০ই সুপারপড বড় আকারের এআই মডেল তৈরি, প্রশিক্ষণ ও পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে। এটি উচ্চ কম্পিউটিং সক্ষমতা ও উন্নত জ্বালানি দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে এআই অবকাঠামো পরিচালনায় সহায়তা করবে।

সম্মেলনে ‘অ্যাটলাস ৯৫০ সুপারপড’ও উন্মোচন করা হয়। প্রতিষ্ঠানটির মতে, সুপারপডভিত্তিক সুপারক্লাস্টারগুলো পিরিয়াম কম্পিউটিং আর্কিটেকচারের প্রথম প্রজন্মের পণ্য। এগুলো বিপুলসংখ্যক প্রসেসরকে একসঙ্গে একটি কম্পিউটারের মতো কাজ করতে সক্ষম।

হুয়াওয়ে ‘তাইশান ৯৫০ সুপারপড’ এবং ‘ওশানস্টোর এম৯০০’ স্টোরেজ সল্যুশনও উন্মোচন করেছে। এসব প্রযুক্তি বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের ডেটা ব্যবস্থাপনা সহজ করবে এবং এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে সহায়তা করবে।

ডেভিড ওয়াং বলেন, ‘শক্তিশালী এআই অবকাঠামো গড়ে তোলা এবং কম্পিউটিং ইকোসিস্টেমকে সমৃদ্ধ করতে আমরা ওপেন সোর্স ও ওপেন সিস্টেমকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

হুয়াওয়ে বর্তমানে টেলিযোগাযোগ, আর্থিক সেবা, উৎপাদনশিল্প, জ্বালানি, পরিবহন, জনসেবা ও শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে কাজ করছে।

বিজ্ঞাপন