বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর।
রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ল্যাপটপটি উন্মোচন করা হয়। আসুস জানিয়েছে, পেশাজীবী, ব্যবসায়িক ব্যবহারকারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা বিবেচনায় ডিভাইসটি তৈরি করা হয়েছে।
ল্যাপটপটির ওজন প্রায় ০.৯৯ কেজি। এতে রয়েছে উচ্চ-রেজল্যুশনের ওএলইডি ডিসপ্লে এবং ধাতব কাঠামো। তাছাড়া, এআই-নির্ভর কম্পিউটিং সুবিধা ও তাপ নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যা দীর্ঘ সময় স্থিতিশীল কর্মক্ষমতা বজায় রাখতে সহায়তা করবে।
নিরাপত্তার জন্য ল্যাপটপটিতে আসুস এক্সপার্টগার্ডিয়ানসহ বিভিন্ন এন্টারপ্রাইজ-গ্রেড সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এসব সুবিধা ডিভাইস, তথ্য ও ফার্মওয়্যার সুরক্ষায় সহায়তা করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে আসুসের ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসিফিক কমার্শিয়াল বিজনেসের জেনারেল ম্যানেজার রেক্স লি বলেন, আধুনিক পেশাজীবীরা একটি ডিভাইসে কর্মক্ষমতা, বহনযোগ্যতা, ডিজাইন ও নিরাপত্তার সমন্বয় প্রত্যাশা করেন।
বাংলাদেশে আসুস এক্সপার্টবুক আল্ট্রা পাওয়া যাবে ইন্টেল কোর আল্ট্রা ৫ এবং ইন্টেল কোর আল্ট্রা ৭ প্রসেসর কনফিগারেশনে। এর দাম শুরু হচ্ছে ২ লাখ ২০ হাজার টাকা থেকে। আসুসের অনুমোদিত ব্যবসায়িক ও খুচরা বিক্রয় অংশীদারদের কাছে ল্যাপটপটি পাওয়া যাবে।