শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

অ্যানথ্রপিকের দাবি: এআই দিয়ে 'বায়োলজিকাল ওয়েপন' তৈরির অপব্যবহার প্রতিহত

অ্যানথ্রপিক এআই দিয়ে 'বায়োলজিকাল ওয়েপন' তৈরির অপব্যবহার প্রতিহত করার দাবি করেছে।

অ্যানথ্রপিকের দাবি: এআই দিয়ে 'বায়োলজিকাল ওয়েপন' তৈরির অপব্যবহার প্রতিহত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে 'বায়োলজিকাল ওয়েপন' তৈরির সম্ভাব্য অপব্যবহার প্রতিহত করার দাবি করেছে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের এআই মডেল ব্যবহার করে কিছু কার্যক্রমের চেষ্টা হয়েছিল, যা 'বায়োলজিকাল ওয়েপন' তৈরিতে সহায়তা করতে পারত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত অ্যানথ্রপিকের সর্বশেষ ‘থ্রেট ইন্টেলিজেন্স রিপোর্টে’ এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ক্ষতিকর কাজে এআই ব্যবহারের বেশ কয়েকটি প্রচেষ্টা শনাক্ত করে তা বন্ধ করা হয়েছে।

বিশেষ করে, উন্নত এআই প্রযুক্তি মানবজাতির জন্য কী ধরনের ঝুঁকি তৈরি করতে পারে, তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এ ধরনের উদ্বেগ থেকেই উন্নত এআই প্রযুক্তির বিকাশ সাময়িক স্থগিত করার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স।

অ্যানথ্রপিকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত তাদের এআই মডেল ক্লড হাইকু, সনেট ও অপাস ব্যবহার করে চালানো বিভিন্ন ধরনের ক্ষতিকর কার্যক্রম শনাক্ত ও বন্ধ করা হয়েছে।

এসব অপব্যবহারের মধ্যে সাইবার হামলা, প্রভাব বিস্তারমূলক প্রচারণা, নজরদারি, প্রতারণা এবং অস্ত্র তৈরির মতো কার্যক্রম অন্তর্ভুক্ত। তবে ক্লড ফেবল বা শক্তিশালী মিথোস-ক্লাস মডেল ব্যবহারের কোনো বড় ধরনের অপব্যবহারের ঘটনা পাওয়া যায়নি।

অ্যানথ্রপিক জানায়, তাদের এআই মডেল ব্যবহার করে 'বায়োলজিকাল ওয়েপন' তৈরির সক্ষমতা বাড়ানোর মতো কাজে যুক্ত বিজ্ঞানীদের কার্যক্রমও তারা বন্ধ করেছে। প্রতিবেদনে পাঁচটি ঘটনার উল্লেখ করা হয়েছে, যেখানে ব্যবহারকারীরা এআই মডেলকে 'বায়োলজিকাল ওয়েপন' তৈরিতে সহায়তা করার জন্য কাজে লাগানোর চেষ্টা করেছিলেন।

অ্যানথ্রপিকের থ্রেট ইন্টেলিজেন্স বিভাগের প্রধান জ্যাকব ক্লেইন নিউইয়র্ক টাইমসকে বলেন, বিষয়টি অত্যন্ত জটিল। তিনি জানান, সরাসরি কেউ বলছে না যে, তারা 'বায়োলজিকাল ওয়েপন' তৈরি করতে চায় বরং অপব্যবহারের বিষয়টি অনেক বেশি সূক্ষ্ম।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রচলিত অস্ত্র তৈরির ক্ষেত্রেও ক্লড এআইয়ের অপব্যবহারের ছয়টি ঘটনা শনাক্ত করা হয়েছে, যার মধ্যে আগ্নেয়াস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন অন্তর্ভুক্ত।

অ্যানথ্রপিক অভিযোগ করেছে, চীনের কিছু এআই প্রতিষ্ঠান তাদের ক্লড মডেলের সক্ষমতা নকল করার চেষ্টা করছে। পাশাপাশি, রাশিয়াভিত্তিক একটি সাইবার গোয়েন্দা কার্যক্রম এবং ইরানের একটি প্রচারণামূলক প্রতিষ্ঠানের সঙ্গেও তাদের এআই মডেল ব্যবহারের সম্পর্ক পাওয়া গেছে।

বিজ্ঞাপন