শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

শাওমি ১৭টি স্মার্টফোন উন্মোচন, লাইকা ক্যামেরা প্রযুক্তি সমৃদ্ধ

শাওমি ১৭টি স্মার্টফোন উন্মোচন, লাইকা ক্যামেরা প্রযুক্তি ও শক্তিশালী ব্যাটারি সমৃদ্ধ।

শাওমি ১৭টি স্মার্টফোন উন্মোচন, লাইকা ক্যামেরা প্রযুক্তি সমৃদ্ধ

প্রযুক্তিপণ্য নির্মাতা শাওমি দেশের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’ উন্মোচন করেছে। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত ‘দ্য মোমেন্ট বিয়ন্ড সাইট’ শীর্ষক অনুষ্ঠানে স্মার্টফোনটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রযুক্তি সাংবাদিক, টেক রিভিউয়ার, আলোকচিত্রী এবং শাওমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এই স্মার্টফোনের অন্যতম আকর্ষণ লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরা সিস্টেম। এতে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের লাইকা ৫এক্স টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে, যা ১২০ গুণ পর্যন্ত এআই আল্ট্রা জুম সমর্থন করে। এছাড়া, সৃজনশীল ছবি ও ভিডিও ধারণের জন্য ‘লাইভ মোমেন্ট’ এবং ‘স্টেজ মোড’ সুবিধা রয়েছে।

ডিভাইসটিতে ৬ দশমিক ৫৯ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সমর্থন করে। ৩ হাজার ৫০০ নিটস পিক ব্রাইটনেসের কারণে উজ্জ্বল আলোতেও পর্দার কনটেন্ট স্পষ্ট দেখা যাবে। চোখের সুরক্ষার জন্য এতে টিইউভি রাইনল্যান্ড সনদপ্রাপ্ত আই কমফোর্ট প্রযুক্তিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

শাওমির দাবি, ফোনটিতে ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ঘণ্টার সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার পূর্ণ চার্জে প্রায় দেড় দিনের বেশি সময় ব্যাকআপ দিতে সক্ষম। আইপি৬৮ রেটিংয়ের ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধাও রয়েছে।

পারফরম্যান্সের জন্য স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০-আল্ট্রা প্রসেসর এবং শাওমি হাইপারওএস ব্যবহার করা হয়েছে। এ ছাড়া, শাওমি হাইপারএআই, গুগল জেমিনি ইন্টিগ্রেশন এবং ‘সার্কেল টু সার্চ’-এর মতো এআই সুবিধাও যুক্ত করা হয়েছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘দেশের বাজারে শাওমির এই ফ্ল্যাগশিপ ডিভাইস আনতে পেরে আমরা আনন্দিত। ব্যবহারকারীদের জন্য বিশ্বমানের ফটোগ্রাফি প্রযুক্তি এবং প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

শাওমি ১৭টি স্মার্টফোনটি ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। আগামী ১১ জুন থেকে দেশের সব অনুমোদিত শাওমি স্টোরে এটি বিক্রি শুরু হবে। ডিভাইসটি ভায়োলেট, ওপাল হোয়াইট ও ব্ল্যাক এই তিনটি রঙে উপলব্ধ থাকবে এবং এর দাম ৭৯ হাজার ৯৯৯ টাকা।

বিজ্ঞাপন