স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন ভিভো ভি৮০ লাইট ৫জি উন্মোচন করেছে। এই ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ভিভোর তথ্যমতে, ফোনটিতে ৬ দশমিক ৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ২ হাজার নিট উজ্জ্বলতা সমর্থন করে। ডুয়াল-কার্ভড নকশার ডিসপ্লে ফোনটিকে প্রিমিয়াম লুক প্রদান করে।
নকশায় নতুনত্ব আনার চেষ্টা করেছে ভিভো, যেখানে ‘স্কাইলাইন ক্যামেরা ডিজাইন’ ব্যবহার করা হয়েছে। আড়াআড়ি ক্যামেরা বিন্যাস ও বিশেষ আলোক প্রতিফলন নকশা ফোনটির বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করেছে।
ফোনটি সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু, দুটি রঙে উপলব্ধ। পারফরম্যান্সের জন্য এতে ৪ ন্যানোমিটার প্রযুক্তির ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর রয়েছে এবং ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম সুবিধা রয়েছে।
ফটোগ্রাফির জন্য পেছনে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট ক্যামেরা রয়েছে, যা কম আলোতেও বিস্তারিত ছবি ধারণ করতে সক্ষম। সামনে ৩২ মেগাপিক্সেলের গ্রুপ সেলফি ক্যামেরা রয়েছে, যা একাধিক ব্যক্তির ছবি তুলতে সহায়তা করবে।
ভিভো ভি৮০ লাইট ৫জি ফোনটিতে ৭ হাজার ৫০ এমএএইচ ক্ষমতার ব্লুভোল্ট ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আইপি৬৮ ও আইপি৬৯ মানের পানি ও ধুলা প্রতিরোধী সুরক্ষা রয়েছে।
দেশের বাজারে ভিভো ভি৮০ লাইট ৫জি দুটি সংস্করণে পাওয়া যাবে। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা, এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৯ হাজার ৯৯৯ টাকা। ক্রেতারা সর্বোচ্চ ৯ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে কিস্তি সুবিধা পাবেন।