দেশের মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (জিডিএল) নতুন স্মার্টফোন ‘গিগাএক্স ওয়াই৩২’ (GigaX Y32) বাজারে এনেছে। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা।
গিগাএক্স ওয়াই৩২-এর অন্যতম আকর্ষণ হলো ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। পেছনে তিনটি ক্যামেরার পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
ফোনটিতে ৬ দশমিক ৬৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফিচারগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ভিডিও দেখা ও বিভিন্ন অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সাবলীল অভিজ্ঞতা প্রদান করবে।
গিগাএক্স ওয়াই৩২ স্মার্টফোনে মিডিয়াটেক হেলিও জি৮১ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে পরিচালিত এবং দৈনন্দিন যোগাযোগ, বিনোদন ও মাল্টিটাস্কিংয়ের উপযোগী করে তৈরি করা হয়েছে।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি রয়েছে। এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা ও ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে।
ধুলাবালি ও পানি থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে আইপি৬৪ রেটিং দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা রয়েছে।
গিগাএক্স ওয়াই৩২ স্মার্টফোনটি স্লিক ব্ল্যাক, স্যাফায়ার ব্লু ও অটাম অরেঞ্জ—এই তিনটি রঙে পাওয়া যাবে। এর ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের সর্বোচ্চ খুচরা মূল্য ১৬ হাজার ৯৯৯ টাকা।