চীনের বিজ্ঞানীরা নতুন একটি বৈদ্যুতিক চিরুনি উদ্ভাবনের দাবি করেছেন, যা টাক পড়া ও চুল ঝরে যাওয়ার সমস্যার সমাধানে কার্যকর হতে পারে। ‘ডিট্যাঙ্গল’ নামের এই চিরুনির মাধ্যমে চুলের বৃদ্ধি দ্রুততর হতে পারে বলে তাঁরা জানান।
বেইজিংয়ের বেইহাং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, এই প্রযুক্তিটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ইতোমধ্যে ইঁদুরের ওপর পরীক্ষা চালানো হয়েছে। গবেষণায় বলা হয়েছে, ডিট্যাঙ্গল চিরুনি মিনোক্সিডিলের তুলনায় চুল গজানোর ক্ষেত্রে বেশি কার্যকর।
‘কম্বিং-ট্রিগার্ড ইলেকট্রোস্টিমুলেশন সিঙ্ক্রোনাইজিং ডিপ ডেলিভারি ফর র্যাপিড হেয়ার রিগ্রোথ ইন অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া’ শিরোনামে প্রকাশিত গবেষণাপত্রে দেখা গেছে, এই চিরুনি ব্যবহার করে এক মাসের মধ্যে চুল পুনরুদ্ধারের হার প্রায় ১০০ শতাংশে পৌঁছেছে।
গবেষকদের মতে, ডিট্যাঙ্গল চিরুনির বৈদ্যুতিক ইলেকট্রোড এবং ওষুধ বহনকারী অণু চুলের গোড়ার ফলিকলের আশপাশে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে, যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে।
এখন পর্যন্ত, চুল হারানোর সমস্যা বিশ্বজুড়ে ৮০ শতাংশ পুরুষকে প্রভাবিত করে। যদিও মিনোক্সিডিলের কার্যকারিতা ব্যক্তিভেদে পরিবর্তিত হয়, তবে এটি বর্তমানে চুল পড়া কমানোর জন্য বহুল ব্যবহৃত।
গবেষকরা বলেছেন, মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর আগে প্রযুক্তিটির নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা প্রয়োজন।