যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্রে শনিবার (১৪ নভেম্বর) স্পেসএক্সের স্টারশিপ সফলভাবে কক্ষপথে ২২ ঘণ্টার অভিযান শেষে অবতরণ করেছে। এটি প্রথমবারের মতো উৎক্ষেপণ টাওয়ারের বিশাল যান্ত্রিক বাহুর মধ্যে নিরাপদে ফিরে এসেছে।
রকেটটির উভয় অংশ পুনর্ব্যবহারযোগ্য করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এটি একটি বড় প্রকৌশলগত অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। উৎক্ষেপণের প্রায় এক দিন পর ১৭১ ফুট উচ্চতার স্টারশিপ ঘন মেঘ ভেদ করে নিচে নেমে আসে। এরপর ইঞ্জিন পুনরায় চালু করে নিজেকে খাড়া অবস্থানে নিয়ে যায়।
মহাকাশ থেকে বায়ুমণ্ডলে ফেরার সময় প্রচণ্ড তাপে পুড়ে যাওয়া মহাকাশযানটি অবশেষে ইঞ্জিন বন্ধ করে স্থির অবস্থায় ঝুলে থাকে। স্টারশিপের ইতিহাসে এটি ছিল সবচেয়ে দীর্ঘ অভিযান। এর আগে, শুক্রবার স্টারবেস থেকে উৎক্ষেপণের সময় রকেটের নিচের অংশ সুপার হেভি বুস্টার স্টারশিপকে কক্ষপথে পৌঁছে দেয়।
যদিও বুস্টারটি একই অভিযানে নিরাপদে ফিরে আসতে ব্যর্থ হয়, তবুও ১৪ বার পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করে ২২ ঘণ্টারও বেশি সময় পর স্টারশিপের সফল প্রত্যাবর্তনকে একটি বড় প্রকৌশলগত মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক মহাকাশে যাওয়া এবং ফেরার পর পুনর্ব্যবহারযোগ্য রকেট ব্যবস্থা তৈরি করতে চান।
স্টারশিপ ২৬টি স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করে এবং এরপর বায়ুমণ্ডলে প্রবেশের প্রস্তুতি হিসেবে একটি ইঞ্জিন চালু করে। ঘণ্টায় প্রায় ১৭ হাজার মাইল গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসার সময় বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে প্রচণ্ড তাপের মুখে পড়ে।
বিশ্বের মহাকাশ উৎক্ষেপণ খাতে স্পেসএক্সের আধিপত্যের ভিত্তি তাদের ফ্যালকন-৯ রকেট। ২০১০ সাল থেকে ৭০০ বারের বেশি উৎক্ষেপণ করা হয়েছে। স্টারশিপের মাধ্যমে ইলন মাস্ক এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে চান এবং বাণিজ্যিক উড়োজাহাজের মতো নিয়মিত মহাকাশে যাতায়াতের ব্যবস্থা তৈরি করতে চান।
তবে, শনিবারের সফল অবতরণের পরেও স্টারশিপের দুই অংশকে একই অভিযানে নিরাপদে ফিরিয়ে আনার সক্ষমতা অর্জিত হয়নি। মহাকাশযানটির তাপরোধী ব্যবস্থাও পুরোপুরি পুনর্ব্যবহারযোগ্য হয়নি।